পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে না পারায় সবাই লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়নের গ্রাম পুলিশের পাঁচটি শূন্য পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী অংশ নেন।
পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। পরে মেধা যাচাইয়ের অংশ হিসেবে সব প্রার্থীকে জাতীয় সংগীত লিখতে বলা হয়। নির্ধারিত ১৫ মিনিট সময়ের মধ্যে কোনো পরীক্ষার্থী সঠিকভাবে সম্পূর্ণ জাতীয় সংগীত লিখতে পারেননি। ফলে সবাইকে লিখিত পরীক্ষায় অকৃতকার্য ঘোষণা করা হয়।
ঘটনার পর গ্রাম পুলিশের পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর দাবি উঠেছে।
নিয়োগ কমিটির সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, “অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। পুনরায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

