Monday, November 9

দেশের নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদার করতে একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৮ সদস্যের এই সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। সদস্য হিসেবে রয়েছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সেলের সদস্যসচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেলটি নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

এ ছাড়া খনন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার ও সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হবে। প্রয়োজন অনুযায়ী সেলের সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন।

সেলের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে এই আদেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 19 = 25