সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা, মব সহিংসতা, সাংবাদিক নির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। ওই সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা নাগরিকদের মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) গত ৪ ফেব্রুয়ারির প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, সীমান্ত হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
এছাড়া নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের বার্ষিক প্রতিবেদনে মব সহিংসতা, সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার, রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার এবং বিচারবহির্ভূত আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজতে নির্যাতন ও অন্যান্য ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। একই সময়ে কারাগারে মৃত্যু হয়েছে ১২৭ জনের, যাদের মধ্যে রাজনৈতিক বন্দিও রয়েছেন।
মব সহিংসতায় নিহত ২৫৯ জন
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে মব সহিংসতা বড় উদ্বেগ হিসেবে দেখা দেয়। এই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ৪১৩টি ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৩১৩ জন আহত হয়েছেন। মানবাধিকার কর্মীদের মতে, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
নিরাপত্তা শঙ্কায় সরকারি বাসভবন ছাড়তে অনীহা
বর্তমানে সাবেক কয়েকজন উপদেষ্টা জনরোষ ও নিরাপত্তা শঙ্কার কারণে সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের মতে, সরকারি বাসভবনে নিরাপত্তা বেশি থাকায় তারা আপাতত সেখানে থাকতে চান।
তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যেই সাবেক উপদেষ্টাদের সরকারি বাসভবন ছাড়তে হবে। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে। মার্চ বা এপ্রিল মাসে সরকারি বাসভবনে অবস্থান করলে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।
আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সাবেক উপদেষ্টাদের জন্য নির্দিষ্ট কোনো আবাসন নীতিমালা নেই এবং তারা পেনশন সুবিধাও পান না। এ বিষয়ে তাদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
যমুনা ছাড়ছেন ড. ইউনূস
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সেখানে অবস্থান করছিলেন। যমুনা ছাড়ার পর তিনি তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে উঠবেন।
নতুন সরকারের আবাসন প্রস্তুতি
বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় ২৪টি বাংলো এবং ১২টি অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে ২১ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারি বাসার জন্য আবেদন করেছেন।
আবাসন পরিদপ্তর জানিয়েছে, সাবেক কর্মকর্তারা বাসা ছাড়ার পর দ্রুত সংস্কার কাজ শেষ করে পর্যায়ক্রমে নতুন মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে এসব বাসা বরাদ্দ দেওয়া হবে। মার্চ মাসের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে সরকারে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টা মিলিয়ে প্রায় ৬০ জন রয়েছেন। তবে সরকারি আবাসন রয়েছে মোট ৩৭টি, ফলে বরাদ্দ নিয়ে প্রশাসনিক পর্যায়ে সমন্বয়ের কাজ চলছে।

