অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ তার নেতৃত্বাধীন সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক কার্জন বলেন, সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা—এই চারটি বিষয়কে কেন্দ্র করে তিনি মামলা করবেন।
তিনি বলেন, “ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা। ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি করেছেন, সেগুলো চ্যালেঞ্জ করেও মামলা করা যেতে পারে।”
ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে থাকা গুরুত্বপূর্ণ দলিল ও প্রমাণ কীভাবে ধ্বংস হলো এবং কেন আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধে ভূমিকা রাখেনি, তা তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়েও তিনি মামলা করবেন বলে জানান।
অধ্যাপক কার্জন আরও বলেন, গত দেড় বছরে সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে, যা অস্বাভাবিক। তিনি দাবি করেন, এসব অধ্যাদেশের অধিকাংশই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বা সংশ্লিষ্ট কোনো উপদেষ্টার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

