Monday, November 9

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি শিল্পপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা নগদ অর্থসহ প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অবস্থিত বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজে গত ১৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। কারখানাটি জিআই তার উৎপাদন করে এবং এসব পণ্য সুইজারল্যান্ড, জার্মানিসহ ১২টি দেশে রপ্তানি করা হয়। এর মালিক শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন ওরফে অপু (৪৩)।

কারখানার ব্যবস্থাপক অলিউল্লাহ জানান, ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল কারখানায় হামলা চালায়। তারা প্রধান ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে কর্মীদের মারধর, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা ট্রাক এনে মূল্যবান যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য মালামাল নিয়ে যায়। হামলায় ব্যবস্থাপক অলিউল্লাহ খান ও কর্মচারী জুলহাস উদ্দিন গুরুতর আহত হন।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নাম ব্যবহার করে মালিকের কাছে এককালীন ১০ লাখ টাকা এবং মাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলার ঘটনা ঘটে।

কারখানার মালিক মনোয়ার হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় নেয়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলার এজাহারে উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া কাজল আকন, নিশাত আকন, মো. সজল হোসেন, সাদিকুল, মো. ফাহিম, আজিজ মৌলভি ও বোরহানউদ্দিনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, মামলার তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “কারখানার মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। চাঁদা দাবি বা হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।”

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কারখানায় হামলা ও লুটপাটের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের ঘটনা শিল্প ও বিনিয়োগের পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

Leave A Reply


Math Captcha
4 + 1 =