আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সদস্য গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। একই দলের আরেক সদস্য বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ তুলে সরব হয়েছেন। তবে অভিযোগকে ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
সদ্য সাবেক প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের দিন সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। ওইদিন সকালে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের এক ব্যক্তি ‘ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক : কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে?’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দেন।
পরে সেই পোস্টের মন্তব্যে কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, গত বছরের নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি আফজালের স্ত্রী ভারী ব্যাগ নিয়ে গাজী মোনাওয়ার হুসাইন তামীমের কক্ষে প্রবেশ করেন। বিষয়টি জানানো হলেও তৎকালীন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে ওই আসামিকে রাজসাক্ষী করা হয় এবং চূড়ান্ত বিচারে তাকে খালাস দেওয়া হয়।
সুলতান মাহমুদ আরও অভিযোগ করেন, চানখারপুলের একটি মামলায় ভিডিওতে গুলি করার নির্দেশনা দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও এসআই আশরাফুলকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। একইভাবে রংপুরের আবু সাঈদের মামলায় এসি ইমরানকে অব্যাহতি দেওয়া এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, এসব অভিযোগ তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, “ব্যক্তিগত ক্ষোভ থেকে কেউ অভিযোগ করলে সেটিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়েছে।”
অভিযোগের বিষয়ে গাজী মোনাওয়ার হুসাইন তামীম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেন, “এগুলো ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। আমরা এ ধরনের সব অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্ত। কেউ এসব প্রমাণ করতে পারবে না।”
তিনি আরও বলেন, ফৌজদারি বিচার ব্যবস্থায় আসামিকে রাজসাক্ষী করা একটি স্বীকৃত প্রক্রিয়া এবং এটি প্রসিকিউশনের আইনি কৌশলের অংশ।
তাজুল ইসলামের বক্তব্য দেওয়ার সময় তামীম তার পাশে উপস্থিত থাকলেও তখন তিনি কোনো মন্তব্য করেননি।
প্রসিকিউশন দলের ভেতর থেকেই এ ধরনের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে আইন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দেওয়া হয়নি।

