Monday, November 9

বাংলাদেশ পুলিশের বিদ্যমান পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, মাঠ পর্যায়ের সদস্যদের মতামত উপেক্ষা করে এবং পর্যাপ্ত গবেষণা ছাড়াই নতুন পোশাক নির্বাচনের প্রক্রিয়া চলছে, যা বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আপত্তির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-০৪ সালে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান পোশাক নির্ধারণ করা হয়েছিল, যা দেশের আবহাওয়া এবং পুলিশ সদস্যদের গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকার নতুন পোশাক নির্বাচনের উদ্যোগ নিলেও এ ক্ষেত্রে পেশাদার সদস্যদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি। এতে নতুন পোশাক অন্য কোনো বাহিনীর ইউনিফর্মের সঙ্গে মিলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশকে সাধারণ মানুষের কাছে সহজে শনাক্ত করা কঠিন করে তুলতে পারে।

অ্যাসোসিয়েশন আরও বলেছে, পুলিশের পোশাক পরিবর্তন একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বিপুল অর্থ নতুন পোশাকের পেছনে ব্যয় না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সহায়তা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা অধিক যুক্তিযুক্ত হবে বলে তারা মনে করে।

Leave A Reply


Math Captcha
96 − = 87