হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী চান দ্রুত থার্ড টার্মিনাল চালু হোক এবং সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তবে কবে নাগাদ এটি চালু হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আলাপ-আলোচনা ও তদন্তের মাধ্যমে দ্রুত চালুর উপায় খোঁজা হচ্ছে।
থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পরও কেন চালু হয়নি—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি অন্তর্বর্তী সরকারের সময়ের। এখন নতুন করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
বৈঠক শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে টার্মিনাল-সংক্রান্ত বিষয়গুলো জানানো হয়েছে এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, নতুন মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বিষয়টি বুঝে দেখছেন।
থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে নতুন করে টেন্ডার হবে কি না—এ বিষয়ে মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করে বলেন, এটি একটি জি-টু-জি ইস্যু।
২০১৭ সালের ২৪ অক্টোবর একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয়। অর্থায়নের বড় অংশ এসেছে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে।
বর্তমানে শাহজালালে দুটি টার্মিনাল রয়েছে, যার আয়তন এক লাখ বর্গমিটার। নতুন তৃতীয় টার্মিনালের আয়তন প্রায় দুই লাখ ৩০ হাজার বর্গমিটার, যা বিদ্যমান দুই টার্মিনালের সম্মিলিত আয়তনের দ্বিগুণেরও বেশি। জাপানের মিত্সুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং—এই তিন প্রতিষ্ঠান ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে টার্মিনালটি নির্মাণ করছে।

