শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পুনর্ব্যক্ত করেছেন, শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত রাখা হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা যে লিখিত দাবি পেশ করেছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন ‘স্ট্যান্ডিং ইস্যু’ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকরা শ্রেণিকক্ষে যে দায়িত্ব পালন করেন, তার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
তিনি জানান, কারিকুলাম সংস্কার ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ অন্যান্য বিষয় ধাপে ধাপে এবং পর্যালোচনার মাধ্যমে করা হবে। অবসর সুবিধা, কল্যাণ ট্রাস্ট এবং শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ কাঠামো সম্পর্কিত আলোচনা ইতিমধ্যেই সচিবদের সঙ্গে শুরু হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া।

