Monday, November 9

জামালপুরের বকশীগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, দেশবিরোধী শক্তি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলেন, শহীদ জিয়ার সৈনিক থাকতে কোনো অপশক্তিকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

অন্যদিকে, জুলাই আন্দোলনকারী সংগঠন ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে সেটিকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করে। বিকেলে সারমারা বাজারে নিষিদ্ধ ঘোষিত দলীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়।

জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কেউ দলীয় কার্যালয় খোলার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি সকালে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও সাইনবোর্ড ঝুলালে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

Leave A Reply


Math Captcha
61 − 52 =