Monday, November 9

আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের প্রায় পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে আটটি বিভাগের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ডের নকশা ও বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

সভা শেষে আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিষয়টি আলোচনা হয়েছে। এটি সর্বজনীন হবে, তবে ধাপে ধাপে—হতদরিদ্র, দরিদ্র ও পরে মধ্যবিত্ত পর্যায়ে বাস্তবায়ন করা হতে পারে। তিনি জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প চালু করার ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রীর।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রায় পাঁচ কোটি পরিবার এই কার্ড পাবে।

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না এবং কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। কার্ড চালু হলেও চলমান সামাজিক ভাতা কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদিকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, কৃষকদের জন্য আলাদা ‘কৃষক কার্ড’ চালুর কাজও শুরু হবে শিগগিরই। এর মাধ্যমে কৃষিবীমা ও কৃষিঋণ গ্রহণ সহজ হবে।

এদিকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি দ্রুত শুরু হবে। সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এ বিষয়ে পানিসম্পদ, স্থানীয় সরকার, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই চার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত ১৫ সদস্যের কমিটি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত নকশা প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ এবং জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেইসের সমন্বয়ে ডিজিটাল এমআইএস তৈরির সুপারিশ করবে। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Leave A Reply


Math Captcha
82 − 73 =