Monday, November 9

বছর ঘুরে আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন উৎসবমুখর প্রস্তুতি চলছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা।

মূল বেদি পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে আলপনা অঙ্কন—সব মিলিয়ে কর্মচাঞ্চল্যে ভরপুর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে শহীদ মিনারে। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত নানা শ্রেণি-পেশার মানুষ।

শহীদ মিনার ঘুরে দেখা গেছে, বেদির আলপনার কাজ জোরেশোরে চলছে। মূল চত্বরের কাজ প্রায় শেষ হলেও সড়কের আলপনা আঁকায় ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

মিনার এলাকায় ধুলোবালি পরিষ্কার করে মূল কাঠামো ও বেদি ধুয়ে নতুনভাবে সাজানো হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, রং সম্পন্ন হলে মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে।

শুধু মূল মিনার নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা অঙ্কন ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি তৈরির কাজও চলছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্থায়ী কন্ট্রোলরুম তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 4