Monday, November 9

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিশাল ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী রোকন রেজা শেখ–কে পরাজিত করেছেন।

জয় পাওয়ার পর ফেসবুক পোস্টে তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু প্রসঙ্গ তুলে ধরেন। এক পোস্টে লেখেন, “স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু—স্বাধীন বাংলার অস্তিত্ব।”

আরেক পোস্টে তিনি বলেন, “সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনী বিজয় নিশ্চিত করে প্রথম প্রহরের ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এ বিজয় ব্যক্তির নয়—এটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনতার স্পষ্ট রায়।”

ফজলুর রহমান আরও লেখেন, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী তার খোঁজ নিয়েছেন। দায়িত্ব ও ব্যস্ততার কারণে সবার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, “ইনশাআল্লাহ, সংসদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে এক অটল প্রদীপ জ্বলবে—আপনাদের মর্যাদা, আস্থা ও ত্যাগকে কখনোই ক্ষুণ্ণ হতে দেব না।”

তবে বিজয়ের মধ্যেও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। একটি ভিডিও পোস্ট করে জানান, তার এক কর্মীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। “আমার জয়টা ম্লান হইছে—দুইটা বাচ্চা ছেলে রেখে আমার কর্মীকে দুই বছরের জেল দিছে,” লেখেন তিনি।

তিনি আরও বলেন, “ইনশাল্লাহ আমি আইনি লড়াই চালিয়ে যাবো। বিনা অপরাধে, কালো শক্তিকে খুশি করতে এই শাস্তি প্রদান করা হয়েছে।”

Leave A Reply


Math Captcha
62 − = 57