Tuesday, November 10

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “আমরা জাতির কাছে উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার ওয়াদা করেছিলাম। ঈদের সময়ের মতো মানুষ ট্রেন, বাস, লঞ্চে করে গ্রামে-গঞ্জে গেছে ভোট দিতে। অনেক দিন পর উৎসবের আমেজে মানুষ আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে।”

তিনি জানান, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু-একটি স্থানে কেন্দ্রের বাইরে গোলমাল হলেও তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি কেন্দ্রে জামায়াত ও বিএনপি প্রার্থীর হাসিমুখে পাশাপাশি দাঁড়ানোর উদাহরণ টেনে তিনি বলেন, “এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

সিইসি আরও বলেন, এটি ২০২৬ সালের বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন। প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মচারী এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে ২৫৪ মিলিয়ন ব্যালট পেপার ছাপানো ও সরবরাহ করা হয়েছে।

পাতানো নির্বাচন বা কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কারও পক্ষে নই, কারও বিপক্ষে নই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনেই আমাদের কাজ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রসঙ্গে সিইসি বলেন, এআই-নির্ভর ভুয়া কনটেন্ট বড় চ্যালেঞ্জ। অনেক গুজব দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে। সত্য তথ্য দিয়ে অপতথ্য মোকাবিলা করা হবে এবং এ ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের ওপর আস্থা রাখার কথা জানান তিনি।

Leave A Reply


Math Captcha
+ 87 = 88