নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি (চায়নিজ) পিস্তল ও ৩৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত শাজাহানপুর ক্যাম্পের সেনাসদস্যরা মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতাররা হলেন—
- আবদুস সালাম (৩০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
- আবু বক্কর (২৮), বিএনপি কর্মী
- পারভেজ মোশারফ (২৫), বিএনপি কর্মী
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে আবদুস সালামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার বাড়িতে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
বুধবার নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, অস্ত্র আইনে মামলা করে তিনজনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

