Tuesday, November 10

শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং টাকা বিতরণসংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ব্যাগভর্তি টাকা পাওয়া যায়। পরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে বিষয়টি যাচাই-বাছাই করেন। এরপর একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এ ঘটনায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
+ 56 = 60