Tuesday, November 10

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভোট প্রদান ও সমর্থন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে স্থানীয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, বিএনপির প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর ছোট ভাইয়ের একটি প্রাইভেটকার বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। গাড়িটি মেরামতের সময় মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

আরেকজনের বক্তব্যে শোনা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি ভোট চাইতে আসেননি, তবুও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জামায়াতে ইসলামীর কিছু নেতা-কর্মী এ হামলায় জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের দাবি, তারা কাকে ভোট দেবেন তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্দিষ্ট দলকে ভোট না দেওয়ার অবস্থানের কারণেই তাদের ওপর প্রতিহিংসামূলক হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রওশন কবির পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
17 + = 27