Tuesday, November 10

রাত পেরোলেই বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। শেষ মুহূর্তে নির্বাচন কমিশন (ইসি), রাজনৈতিক দল ও প্রার্থীরা চূড়ান্ত প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন। এবারের নির্বাচনকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো যুক্ত হয়েছে বডি-ওর্ন ক্যামেরা ও ড্রোন নজরদারি।

বাংলাদেশে নির্বাচন একদিকে উৎসবের আবহ তৈরি করলেও অন্যদিকে সহিংসতা, সংঘাত ও কেন্দ্র দখলের অভিযোগের ইতিহাস রয়েছে। ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটিতে ভোটের উৎসবমুখর পরিবেশ বজায় ছিল। বাকি আটটিতে ভোটের সুষ্ঠু পরিবেশ ও মর্যাদা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

নজিরবিহীন নিরাপত্তা

ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কারচুপি রোধে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বডি-ওর্ন ক্যামেরা যুক্ত ২৫ হাজার পুলিশ সদস্য। আকাশপথে নজরদারি করবে পাঁচ শতাধিক ড্রোন।

সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে পুলিশ ও আনসারের সদস্য সাত লাখের বেশি। সশস্ত্র বাহিনীর আওতায় থাকছে প্রায় ১ লাখ সেনাসদস্য, পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যরা বিশেষ দায়িত্বে থাকবেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্টগার্ড।

এ ছাড়া দায়িত্ব পালন করবেন ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু বাহিনী মোতায়েন নয়—বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়ানো হয়েছে ভোটের সময়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

অংশগ্রহণ ও প্রার্থী সংখ্যা

দেশে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী, যার মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র।

দলীয় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। বিদেশে অবস্থানরত দলটির শীর্ষ নেতারা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন।

পর্যবেক্ষণ ও প্রযুক্তি ব্যবহার

নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক এবং প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। নিবন্ধন করেছেন প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক, যার মধ্যে ১৫৬ জন বিদেশি সাংবাদিক।

প্রথমবারের মতো ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ব্যাপক সিসিটিভি নজরদারি চালু করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
66 − = 57