ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ‘দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে আগামী তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবারও বন্দরের কার্যক্রম শুরু হবে।’
এদিকে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রমে সম্পৃক্ত সি অ্যান্ড এফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। এ কারণে এই বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

