Tuesday, November 10

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর আলী মাহমুদ (আলী মামুদ) মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও তার স্বজনরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার একটি শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃতের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, তাদের বাসা মধ্য বাড্ডার শাহবুদ্দিন মোড় এলাকায়। আলী মাহমুদ গত সোমবার বেলা ১১টার দিকে বাসা থেকে বের হন। এরপর দুপুরে তিনি প্রেসক্লাবে যান। তবে রাত ১২টা পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

তাসভীর বলেন, অনেকেই জানান যে সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা তাকে প্রেসক্লাবে দেখেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে খুঁজতে প্রেসক্লাবে যান পরিবারের সদস্যরা। একপর্যায়ে প্রেসক্লাবের এক পিয়ন শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। নিচ দিয়ে উঁকি দিয়ে ভেতরে একজন পড়ে থাকতে দেখে দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। তখন তাকে শৌচাগারের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মৃতের স্ত্রী জেসমিন আরা জানান, প্রায় ১২ বছর আগে আলী মাহমুদের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ধারণা, হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন।

আলী মাহমুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
77 − 70 =