Tuesday, November 10

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে যেখানে উৎসবের আমেজ, সেখানে অন্তর্বর্তী সরকারের ভেতরে শোনা যাচ্ছে বিদায়ের সুর। দায়িত্ব শেষ হওয়ার আগেই সরকারের উপদেষ্টারা ধাপে ধাপে বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। কেউ ইতোমধ্যে সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন, কেউ প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে কূটনৈতিক বা লাল পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে দুজন উপদেষ্টা তাদের সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন। বাসাগুলো বুঝে নিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তারা আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। পাশাপাশি অন্তত ১৩ জন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

উপদেষ্টাদের কেউ কেউ জানিয়েছেন, দায়িত্বে থাকা অবস্থায় লাল পাসপোর্ট ব্যবহার করা হলেও বিদায়ের সময় সরকারি অন্যান্য সরঞ্জামের সঙ্গে পাসপোর্টও জমা দেওয়া হবে। আবার অনেক উপদেষ্টা তাদের ব্যক্তিগত নথিপত্র ও জিনিসপত্র ইতোমধ্যে স্টাফদের মাধ্যমে সরকারি দপ্তর থেকে বাসায় সরিয়ে নিয়েছেন।

এদিকে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিতে সই হচ্ছে বলেও জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকার গঠনের পর যাতে দ্রুত ও নির্বিঘ্নে দায়িত্ব হস্তান্তর করা যায়, সে লক্ষ্যেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে যাতে কোনো ধরনের বিলম্ব না হয়, সে বিষয়েও সতর্ক তারা।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইতোমধ্যে সরকারি বাসা ছাড়ার বিষয়ে চিঠি দিয়েছেন। এছাড়া আরও কয়েকজন উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি বাসভবন ছাড়বেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার অর্থ হলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র নিয়ে নতুন সাধারণ পাসপোর্টের আবেদন করা। নতুন পাসপোর্ট ইস্যু হলেই স্বয়ংক্রিয়ভাবে লাল পাসপোর্ট কার্যকারিতা হারায়।

ইতোমধ্যে নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন বা আবেদন করেছেন অন্তত ১৩ জন উপদেষ্টা। তারা হলেন—অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও লাল পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে।

একাধিক উপদেষ্টার ব্যক্তিগত সহকারীরা জানান, কেউ কেউ ইতোমধ্যে নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন। মূলত পাসপোর্ট পাওয়ার জটিলতা এড়াতেই অনেকেই আগেভাগে নতুন পাসপোর্টের আবেদন করেছেন।

Leave A Reply


Math Captcha
32 − = 28