Tuesday, November 10

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের চলাচলের জন্য যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনা অনুযায়ী, একজন প্রার্থী এবং তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন—জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা ব্যবহার করতে পারবেন। প্রতিটি যানবাহনে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যে গণ্য করা হবে।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দুইজন আরোহী থাকতে পারবেন।

নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযানের চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যানবাহনে অবস্থানকারী ব্যক্তি যদি প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা গানম্যান না হন, তবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন বাধ্যতামূলক।

এ ছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 7