Tuesday, November 10

নিজস্ব প্রতিবেদক
সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের হলফনামায় কোম্পানি শেয়ার ও ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ করেছে সিলেট বিএনপি। বিষয়টিকে জনগণের সঙ্গে প্রতারণা ও রাজনৈতিক ভণ্ডামি বলে উল্লেখ করেছেন দলটির নেতারা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের কাজীটুলা উঁচা সড়ক এলাকায় সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “মাওলানা হাবিবুর রহমানের হলফনামায় কোম্পানি শেয়ার ও ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি। এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং রাজনৈতিক ভণ্ডামির শামিল।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, যা জনগণের দৃষ্টি দেশের বাস্তব সমস্যা সমাধান থেকে সরিয়ে দিচ্ছে।”

কয়েস লোদী আরও বলেন, “প্রতিপক্ষ প্রতিদিন নৈতিকতার দোহাই দিচ্ছে, অথচ নিজস্ব হলফনামায় স্বচ্ছ তথ্য প্রকাশের ন্যূনতম দায়ও পালন করছে না।”

বিএনপির দাবি অনুযায়ী, আরজেএসসি’র ফর্ম-১২ অনুসারে হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়নি।

এ ছাড়া শিডিউল-১০ রিপোর্ট অনুযায়ী ইবনে সিনা হাসপাতালের প্রায় ২৪ কোটি টাকার ঋণ অনাদায়ী রয়েছে বলেও দাবি করা হয়, যা হলফনামায় প্রকাশ করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্যাংক সূত্র অনুযায়ী শাহজালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট শাখায় হাবিবুর রহমানের বড় অঙ্কের ঋণ রয়েছে, যা জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

বিএনপি নেতারা এসব তথ্য যাচাইযোগ্য দাবি করে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় কয়েস লোদী বলেন, “আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করেছি, জেল-জুলুমের শিকার হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে ব্যক্তিগত আক্রমণে সময় নষ্ট করা উচিত নয়।”

তিনি বলেন, দেশের বাস্তব সমস্যা—কর্মসংস্থান, দ্রব্যমূল্য, জীবন ও সম্পদের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা—এসব বিষয়ে জনগণের দৃষ্টি ফেরানো জরুরি।

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মানুষ রাজনীতি নিয়ে নতুন আশার স্বপ্ন দেখছে। এ সময় মিথ্যা তথ্য ছড়ানো ও চরিত্রহনন আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর।”

Leave A Reply


Math Captcha
34 + = 42