Tuesday, November 10

নারায়ণগঞ্জ, ৭ ফেব্রুয়ারি — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তারা সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে—১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। এর অর্থ, ১২ তারিখের পর তারা আবার শুরু করবে। তারা শকুনের মতো অপেক্ষা করছে, দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে—বলেন তিনি।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সন্তানকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। দাবি করা হচ্ছে, জনগণ চাইলে তাকে ফিরিয়ে আনা হবে। কিন্তু জনগণ যদি চাইত, তাহলে ৫ আগস্টেই তাকে বিতাড়িত করত না।

আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তবে তিনি একটি বড় ভুল করেছিলেন—শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আসার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাবে।

পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে তাদের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে নিয়ে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ জামায়াত, খেলাফত মজলিস ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave A Reply


Math Captcha
94 − 87 =