কক্সবাজার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না। অথচ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর বন্ধুরা সারা দেশে মা-বোনদের বিভ্রান্ত করতে ‘জান্নাত বিক্রি’ করছে। জামায়াত কি তাহলে ইসলামের ঠিকাদারি নিয়েছে—এ প্রশ্ন তোলেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা শহরের মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজলের পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন।
জামায়াতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন,
‘জামায়াত আজ নতুন করে স্বাধীনতার ইতিহাস লিখতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করতে চায়। কিন্তু যারা একদিন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এ দেশের মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং সংখ্যালঘুদের নির্যাতন করেছে—তারা কীভাবে আজ স্বাধীনতার ইতিহাসের কথা বলে? নাউজুবিল্লাহ।’
তিনি আরও বলেন, বিকৃত ইতিহাসের মাধ্যমে জামায়াত ভিন্ন ভাষায় বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চায়। ইতিহাস স্পষ্ট—২৫ মার্চের কালরাতে এবং ২৬ মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এ কারণেই ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। এটি বাস্তবায়িত হলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার গেটওয়েতে পরিণত হবে। পাশাপাশি কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণ এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি কক্সবাজার-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল। তিনি বলেন, বিএনপি এ দেশের গরিব ও সাধারণ মানুষের দল। কক্সবাজারের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি ও ধানের শীষকে ভালোবাসে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে কালো আইনের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে। পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন আইন প্রণয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

