ঝিনাইদহ:
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় উদ্বেগজনকভাবে সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং। তাদের দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে। পোস্টার লাগানো থেকে শুরু করে মাইকিং, প্রচারণা মিছিল এবং রাতের আঁধারে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দেওয়ার মতো ঘটনায় প্রভাব বিস্তার করছে এসব কিশোর গোষ্ঠী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের নিয়ে গড়ে ওঠা একাধিক গ্যাং বর্তমানে নির্বাচনী প্রচারণায় ভাড়াটে শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিপক্ষ প্রার্থীদের পোস্টার ছেঁড়া, প্রচারণায় বাধা দেওয়া, পথরোধ, ভয়ভীতি প্রদর্শন এবং কখনো কখনো মারধরের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে তারা।
এছাড়া রাতের বেলায় ভোট চাওয়ার নাম করে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে চুরি ও ডাকাতির মতো ঘটনাও ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে এসব কিশোর গ্যাং। কোথাও কোথাও প্রতিপক্ষ প্রার্থীদের নির্বাচনী কার্যালয় এবং তাদের কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনাতেও তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব নতুন নয়। তবে নির্বাচনকে ঘিরে তাদের তৎপরতা কয়েক গুণ বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা টাকা ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসব কিশোর গ্যাংকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কালীগঞ্জ শহরের এক চাল ব্যবসায়ী বলেন,
‘আগে বড়রাই এসব কাজ করত। এখন দেখি কিশোর ছেলেরা দল বেঁধে এসে হুমকি দেয়। কয়েক দিন ধরে সন্ধ্যার পর অনেক এলাকায় দোকান আগেভাগেই বন্ধ রাখতে হচ্ছে।’
ইয়াসমিন আরা নামের এক নারী ভোটার বলেন,
‘এবার ভোট দিতে যাওয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। রাতে বাড়িতে এসে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চাপ দিচ্ছে। বাইরে কিশোরদের দল দেখলেই ভয় লাগে। ভোটের দিন এমন হলে কেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়বে।’
ঝিনাইদহ-৪ আসনের এক প্রার্থীর নির্বাচনী এজেন্ট অভিযোগ করে বলেন,
‘প্রচারণায় বের হলেই বাধা আসে। বড়রা সামনে থাকে না, কিশোরদের দিয়ে কাজ করায়। নামমাত্র কিছু টাকা দিলেই অফিস ভাঙচুর বা পোস্টার ছেঁড়ার কাজ করানো যায়।’
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন,
‘কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে সামাজিক ও পারিবারিক কারণ রয়েছে। বেকারত্ব ও সামাজিক নজরদারির অভাব তাদের অপরাধের পথে ঠেলে দিচ্ছে। নির্বাচন এলেই রাজনৈতিক প্রার্থীরা এই দুর্বলতাকে কাজে লাগায়। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নয়, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা ও কিশোরদের পুনর্বাসনের উদ্যোগ জরুরি। নইলে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মক হুমকির মুখে পড়বে।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন,
‘কিশোর অপরাধের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নজরে রেখেছি। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

