শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার জুমার নামাজের পর তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় অবস্থান নেওয়ার ঘোষণা দেয়।
ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, নির্ধারিত স্থানে সমবেত হওয়ার সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হন।
সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, সংঘর্ষের সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, সংগঠনের নেত্রী ফাতিমা তাসনিম জুমা ও শান্তা-কেও আঘাত করা হয়েছে।
অন্য একটি পোস্টে সংগঠনটি জানায়,
“আপাতত কোনো জমায়েত করা হবে না। আমরা চিকিৎসা গ্রহণ করে পুনরায় রাজপথে ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হচ্ছে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

