Tuesday, November 10

ভোলা-৪ আসনের মনপুরা উপজেলার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে সেখানে জামায়াতের নেতাকর্মীরাও প্রচারণা শুরু করলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও স্লোগান বিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি ও জামায়াতের ইদ্রিস মাঝি গুরুতর আহত হন। তাদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের সংঘর্ষ হয়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছে। আহত দুইজনের অবস্থাও বর্তমানে স্থিতিশীল।

এ ঘটনায় এলাকায় কিছু সময় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Leave A Reply


Math Captcha
6 + 2 =