রাজধানীর পল্লবীর কালশী এলাকায় একটি বাসা থেকে এক দম্পতি ও তাঁদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাসুম (৩৫), তাঁর স্ত্রী সুমি (৩০) এবং তাঁদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
পুলিশ জানায়, স্বামী মাসুমের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পাশের বিছানায় পড়ে ছিল স্ত্রী ও দুই শিশুর মরদেহ।
পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আশরাফুল ইসলাম জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোডে অবস্থিত পরিত্যক্ত ওয়াপদা ভবন–৩-এর নিচতলার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চরম আর্থিক সংকটের কারণে মাসুম প্রথমে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে নিহত মাসুমের ফুপাতো ভাই মান্না দাবি করেন, মাসুম সপরিবারে ওই পরিত্যক্ত ভবনে বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন। মাসুম বেনারসি শাড়ির কারচুপির কাজের পাশাপাশি রিকশা চালাতেন।
মান্নার অভিযোগ অনুযায়ী, অভাব অনটন সহ্য করতে না পেরে মাসুমের স্ত্রী প্রথমে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুই সন্তানকে হত্যা করেন। পরে তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যা করেন। এরপর মাসুম আত্মহত্যা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

