বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া তাঁদের কাছে এ নোটিশ দেন।
নোটিশপ্রাপ্তরা হলেন—কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন, জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ ও নেপাল চন্দ্র দাস এবং স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন।
নোটিশে বলা হয়, সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও তাঁরা প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যা সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সরকারি চাকরি করেও এসব কর্মী বিএনপির পক্ষে নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন—এ অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালক মাওলানা শিবলী নোমানী সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ শোকজ নোটিশ দেওয়া হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনের ২০(খ) ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো রাজনৈতিক সভা, সমাবেশ কিংবা প্রচার-প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ সংশ্লিষ্ট ছয়জন ওই নির্দেশ অমান্য করেছেন।
নোটিশে তাঁদের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না—তা আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া প্রথম আলোকে বলেন, সরকারি বিধি অমান্য করে রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের শোকজ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

