নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে সারোয়ার তুষার লেখেন, একদল লোক জামায়াতে ইসলামীর নাম ব্যবহার করে নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছে। বুধবার তারা মিছিলও বের করেছে। অথচ জামায়াতের দায়িত্বশীল নেতারা দাবি করছেন, এসব কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত নন। তারপরও দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল ও প্রচারণা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি পরিস্থিতিকে “অদ্ভুত” বলে মন্তব্য করেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়, গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির তাকে নরসিংদী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন। এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার নির্বাচন কমিশনে ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার বিষয়ে চিঠিও দিয়েছিলেন বলে জানান সারোয়ার তুষার।
তিনি আরও লেখেন, এখনো তিনি বিশ্বাস করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে জোটের পক্ষে অবস্থান নেবে। এ বিষয়ে তিনি আল্লাহর ওপর ভরসা রাখার কথাও উল্লেখ করেন।
এর আগে নরসিংদীতে নির্বাচনী প্রচারণাকালে সারোয়ার তুষারের সঙ্গে এক জামায়াতকর্মীর বাগবিতণ্ডার ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

