জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করলেও বাংলাদেশ কোনোভাবেই ধর্মরাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যৎ সরকার হবে সম্পূর্ণ গণতান্ত্রিক এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে নারী ও সংখ্যালঘুদের সব সমস্যার সমাধান করা হবে।
ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নেন দিল্লির ব্যুরোপ্রধান নম্রতা বিজি আহুজা।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্কটি কেবল একটি নির্বাচনী সমঝোতা, কোনো আদর্শিক একীভূতকরণ নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিপির অন্তর্ভুক্তিমূলক আদর্শের পরিপন্থী কোনো কার্যক্রম দেখা গেলে এই সম্পর্ক ছিন্ন করতে তারা দ্বিধা করবেন না।
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী বর্তমানে তাদের আগের কট্টরপন্থী অবস্থান থেকে সরে এসেছে এবং এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় সরকারের কথা বলছে। তবে জোটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনী সহযোগিতা ও নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে, যা প্রয়োজনে দলের ইশতেহারে প্রতিফলিত হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটগতভাবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন দল হিসেবে সংসদে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরা এবং নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই সমঝোতা জরুরি হয়ে পড়েছিল।
তিনি বলেন, শুরুতে এনসিপি এককভাবে নির্বাচনের চিন্তা করলেও ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। তার অভিযোগ, জুলাই অভ্যুত্থানের নেতাদের পরিকল্পিতভাবে হত্যার লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এমন পরিস্থিতিতে আদর্শিক একাকিত্বের চেয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করলেও আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরোনো প্রভাবশালী গোষ্ঠীগুলো পুনরায় সংগঠিত হয়ে সংস্কারের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে।
প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে হলে দেশটিকে তার পুরোনো নীতি বদলাতে হবে। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এনসিপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান দাবি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। তার মতে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ এখন অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার পর তরুণ নেতৃত্বের দিকে ঝুঁকছে। এনসিপি সংসদের মাধ্যমে রাজপথের আন্দোলনকে রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

