Tuesday, November 10

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিল উদ্ধারের মামলায় আটক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তবে মামলার অপর আসামি জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ আত্মগোপনে রয়েছেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে একই থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে সৌরভ হোসেন শরীফ ও সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। তিনি দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে এবং হাসপাতাল রোডে অবস্থিত ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’-এর মালিক। জাল ভোট প্রদানের উদ্দেশ্যে শরীফ অর্ডার দিলে সোহেল রানা ওই ভোটের সিলগুলো তৈরি করে তার দোকানে সংরক্ষণ করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকার বশিরভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জাল ভোট ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই সিল কাণ্ড ঘটানো হয়েছে দাবি করে এর সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

এরপর পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, আটক সোহেল রানা জামায়াতের কেউ নন। তবে তিনি স্বীকার করেন, মামলার অপর আসামি সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, সিল জব্দের ঘটনার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আটক সোহেল রানার বরাতে জানা গেছে—জামায়াত নেতা শরীফ গত ৩০ জানুয়ারি তার কাছে পাঁচটি নির্বাচনী সিলের অর্ডার দেন। এ সংক্রান্ত একটি ভয়েস মেসেজ তিনি হোয়াটসঅ্যাপে পাঠান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের লক্ষ্যেই অবৈধভাবে এসব ভোটের সিল তৈরি করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, আসামি সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এখনো রিমান্ড আবেদন করা হয়নি। অপর আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 7 = 2