বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজে বিশ্বাসী, সমালোচনায় বিশ্বাস করি না। আপনাদের সামনে একটা দল এসেছে—আপনারা চেনেন। তাদেরকে আমরা আগে কখনো দেখিনি। আগে আমাদের সঙ্গে ছিল, এখন তারা নির্বাচন করবে। রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, গীবত গাইবেন না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
পথসভায় মির্জা ফখরুল বলেন, ‘চরমোনাই পীরসাহেব বলেছেন—জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল না। আলেম-ওলামারাও বলছেন, তারা ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ ভোটার ও মা-বোনদের ভুল বোঝানো হচ্ছে। বলা হচ্ছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কে বেহেশতে যাবে আর কে যাবে না, তা একমাত্র আল্লাহই নির্ধারণ করবেন।’
তিনি আরও বলেন, ‘টেলিভিশন ও মোবাইলে আমরা দেখছি, একটি দলের নেতা নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। অথচ ইসলামে বলা হয়েছে—মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মা-বোনদের যদি আমরা ইজ্জত-সম্মান না করতে পারি, তাদের সম্পর্কে কটু কথা বলি—তাহলে কি বেহেশতে যাওয়া যাবে?’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রাজনীতিতে শালীনতা চাই। মানুষকে বিভ্রান্ত করে, ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের রাজনীতি এই দেশের মানুষ আর মেনে নেবে না। জনগণ এখন সচেতন। তারা জানে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে।’
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

