Tuesday, November 10

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবাননের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবে। তারা চায় মারামারি, তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা হলো সুযোগসন্ধানী।’

তিনি আরও বলেন, ‘আপনাদের প্রতি আমার আকুল আবেদন—কোনোদিন যেন জামায়াতে ইসলামীর কেউ একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না। আমাকে যদি বাদ দিতে পারে, তাহলে নিজেরাই হয়ে যাবে—এটাই হলো শয়তানের সুযোগসন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।’

নির্বাচনে ভোট প্রার্থনা করে মিন্টু বলেন, ‘আজ আমি আপনাদের কাছে ধানের শীষে একটি ভোট চাইতে এসেছি। ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন—১২ তারিখে যেন ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি জনগণের সেবা করার একটা সুযোগ পাব। সেই সুযোগের সৎ ব্যবহার করব।’

পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave A Reply


Math Captcha
+ 13 = 23