Tuesday, November 10

অর্থ ও পেশিশক্তিমুক্ত নির্বাচন না চাইলেও বর্তমানে নির্বাচনী মাঠে মাদক ও সন্ত্রাস ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘যারা মাদকসম্রাট আছেন, তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা অর্থ ও পেশিশক্তির নির্বাচন চাই না। কিন্তু বাস্তবতা হলো—এখন নির্বাচনে মাদক, সন্ত্রাস সবই ঢুকে গেছে।’

চাঁদাবাজ ও মাদকাসক্তদের দলে স্থান নেই

নিজেদের দলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকাসক্তদের কোনো স্থান নেই দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। হকার্স সমিতির সঙ্গে যুক্ত হকার ভাইদের পাশে আমরা থাকব।’

১১ দলীয় জোটের ঐক্য অটুট রাখার অঙ্গীকার

নির্বাচনের পরেও ১১ দলীয় জোটের ঐক্য অটুট থাকবে এবং ভবিষ্যতে এই জোট আরও বড় হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আশাবাদী—১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নেই। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমাদের কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।’

প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা বিএনপির এক কর্মীর ঘটনায় প্রসঙ্গে তিনি বলেন, ‘যে জায়গায় সমস্যা, সেই জায়গায় বিএনপির লোক।’

এ সময় নির্বাচন চলাকালে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

Leave A Reply


Math Captcha
− 2 = 1