বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নারীদের যারা অবমাননা করে এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠা হোক তা যারা চায় না—তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।
সোমবার (২ ফেব্রুয়ারি) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এ ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের কর্মস্থলে যেতে দিতে চায় না, বরং কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে নারীদের কর্মসংস্থান বাধাগ্রস্ত করতে চায়। অথচ এ দেশ সাম্য, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এগিয়েছে। একটি দল আজ তার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য বহু নারীকে মনোনয়ন দিয়েছে। অথচ ওই দল জাতীয় সংসদ নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট—তারা নারী সমাজের অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এসব চিন্তাধারা মধ্যযুগীয় মানসিকতার বহিঃপ্রকাশ।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে কোনো দেশ কিংবা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারে না। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ দেশে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি, প্রগতি ও সমৃদ্ধির নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, বিএনপির পরিকল্পনা নারী সমাজকে ক্ষমতায়ন করে মর্যাদাবান ও অর্থনৈতিকভাবে সচ্ছল জীবনের দিকে এগিয়ে নেওয়া।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

