পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তিনি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি, কল্যাণ, ঐক্য, সংহতি ও নিরাপত্তা কামনা করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।
বাণীতে তারেক রহমান বলেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবেবরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’
তিনি বলেন, ‘বরাত অর্থ নাজাত বা মুক্তি। শবেবরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার উন্মুক্ত করে দেন। তাই এই রাতের ফজিলত ও মর্যাদা অত্যন্ত বেশি।’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘এই রজনী রমজানের আগমনী বার্তা বহন করে। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।’
তিনি বলেন, ‘এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। শবেবরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভ। বিশ্বাসী মুসলমানরা সব ধরনের অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামিন অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।’
বাণীতে তারেক রহমান আরও বলেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখব। এই মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।’
তিনি বিশ্বশান্তিসহ বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বান জানান।

