নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক এবং ব্যবহৃত ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল ও ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইসি জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে ১১৯টি প্রতীক থাকবে। ভোটের দিন প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে কমিশন সতর্ক।
তিনি আরও বলেন, বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচনের সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন শক্ত অবস্থানে থাকবে।
সভায় বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন সভাপতিত্ব করেন। জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

