Tuesday, November 10

কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঋণখেলাপির দায়ে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি স্পষ্ট বার্তা।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আপিল বিভাগের আদেশে জনগণের বিজয় হয়েছে। এটি জালিমের বিরুদ্ধে মজলুমের জয়। ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যাওয়ার সুযোগ পাবে না। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট করেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন, যা শেষ পর্যন্ত খারিজ হয়।

Leave A Reply


Math Captcha
+ 72 = 82