Tuesday, November 10

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হৃদয় মিয়া (—) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতির চিত্র সামনে এসেছে। এ ঘটনায় ডেপুটি জেলারসহ ৮ জন কারা কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও সংশ্লিষ্ট কাগজপত্র সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় অন্য এক আসামির জামিনের কাগজ জালিয়াতির মাধ্যমে কৌশলে কারাগার থেকে পালিয়ে যান হৃদয় মিয়া। তবে বিষয়টি শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জানাজানি হয়।

ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় কারাগারের সিসিটিভি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

পলাতক হৃদয় মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে গত বছরের ৭ ডিসেম্বর জেলা কারাগারে পাঠানো হন।

একাধিক সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি দুপুরে নবীনগর থানার একটি মামলায় জামিন পাওয়া দিদার হোসেন নামের এক আসামির নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য বন্দিদের সঙ্গে মুক্তির সময় সুযোগ বুঝে পালিয়ে যান হৃদয়। এ ঘটনায় জামিননামায় আসা কয়েকজন বন্দির যোগসাজশের প্রমাণও পাওয়া গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ডেপুটি জেলার মো. আজহারুল ইসলাম, প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন এবং কারারক্ষী মোরশেদ আলম, মো. হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম ও শাহাব উদ্দিন।

কারা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের কারা উপ-মহা পরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে এবং চাঁদপুরের জেলার ও ফেনীর জেল সুপারকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মামলায় জামিনপ্রাপ্ত কয়েকজনকেও আসামি করা হয়েছে। পলাতক হৃদয়কে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 23 = 26