Tuesday, November 10

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত কমিটিতে মোট ৭১ জন সদস্য রয়েছেন।

দলীয় প্রার্থীর পক্ষে নিষ্ক্রিয়তার অভিযোগ

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর থেকে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন না করে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

এ বিষয়ে বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন,
“শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অনেক নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা রাখেননি। এ কারণে সংশ্লিষ্টদের সতর্ক করতে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলায় ফিরে এলে ভবিষ্যতে কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।

নির্বাচন ঘিরে কঠোর অবস্থান

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবেই দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1