Tuesday, November 10

গেল বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নির্বাচন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র গৃহীত হবে।

এর পরদিন ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। একই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর পদত্যাগের বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এই হিসাবে পদত্যাগের পর প্রায় ৫০ দিন পার হলেও সাবেক দুই উপদেষ্টা এখনো সরকারি বাসায় অবস্থান করছেন, যা নিয়ে নীতি–নৈতিকতার প্রশ্ন উঠেছে।

সরকারি বাসা ব্যবহার নিয়ে বিতর্ক

এরই মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

যদিও তিনি দাবি করেছেন যে সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বুধবার (২৮ জানুয়ারি) রাতে হেয়ার রোডের সরকারি বাসভবন ‘নিলয়-৬’-এ গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে কথা বলে ভিন্ন চিত্র পাওয়া যায়। সেখানে দায়িত্বরত এক কর্মচারী বলেন,
“স্যার তো আছেন, বাসা ছাড়েননি।”

আরেকজন কর্মচারীও একই কথা জানান। তবে তারা বলেন, ২৭ বছর বয়সী সাবেক এই উপদেষ্টা বেশিরভাগ সময় পরিবাগের একটি বাসায় অবস্থান করেন।

নিলয়-৬ এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য জানান, আসিফ মাহমুদ এখানে নিয়মিত আসেন, লোকজন নিয়ে বৈঠক করেন এবং এখান থেকেই কার্যক্রম পরিচালনা করেন।

অন্যদিকে, আসিফ মাহমুদ গণমাধ্যমকে বুধবার রাতে বলেন,
“আমি সরকারি বাসায় থাকি না। প্রায় এক মাস আগে বাসা ছেড়ে দিয়ে পরিবাগের বাসায় থাকছি।”

মাহফুজ আলমও সরকারি বাসায়

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বর্তমানে হেয়ার রোডের ‘উত্তরায়ণ-৩’ নম্বর ডুপ্লেক্স বাংলোতে অবস্থান করছেন। বাসা ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“নীতিমালায় বাসা ছাড়ার বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ নেই। তবে নির্বাচনের আগেই আমি বাসা ছেড়ে দেব।”

৩০ বছর বয়সী মাহফুজ আলম জানান, কবে নাগাদ বাসা ছাড়বেন সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

আবাসন পরিদপ্তরের অবস্থান

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন,
“সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অবসর বা বদলির পর সর্বোচ্চ দুই মাস বাসায় থাকার সুযোগ রয়েছে, সন্তানদের পড়াশোনার বিষয় থাকলে ছয় মাস পর্যন্ত। তবে মন্ত্রী বা উপদেষ্টাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই।”

তিনি আরও বলেন, সাবেক দুই উপদেষ্টা এখনো বাসা ছাড়েননি—এ তথ্য তিনি সংশ্লিষ্ট সচিবকে অবহিত করেছেন এবং পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট ও নৈতিক প্রশ্ন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই দিন থেকেই সরকারে ছিলেন আসিফ মাহমুদ, যিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, মাহফুজ আলম ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্বও পালন করেন।

পদত্যাগের পরেও সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার নিয়ে সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন,
“জিয়াউর রহমানের ক্যাবিনেট থেকে কাজী জাফর আহমেদ পদত্যাগ করার আগেই সরকারি বাসা ছেড়ে দিয়েছিলেন এবং পদত্যাগের পর সরকারি গাড়িও ব্যবহার করেননি। রাজনীতিবিদদের কাছ থেকে এমন নৈতিক দৃষ্টান্তই প্রত্যাশিত।”

তিনি বলেন,
“নীতিগত দিক থেকে আমরা আজও পিছিয়ে আছি—সাবেক দুই উপদেষ্টার বাসা না ছাড়ার বিষয়টি তারই উদাহরণ।”

Leave A Reply


Math Captcha
4 + = 10