দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশটি আয়োজন করেছে বিএনপি রাজশাহী মহানগর ও রাজশাহী বিভাগের চারটি জেলা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি জানান, এই সমাবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য রাজশাহী অঞ্চলের প্রার্থীদের পরিচয় তুলে ধরা হবে।
মিজানুর রহমান মিনু বলেন,
“ইনশাআল্লাহ রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ৩৯টিতেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। ২২ বছর পর আমাদের চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসছেন। ফলে ভোর থেকেই পুরো রাজশাহী মহানগরী জনসমুদ্রে পরিণত হবে।”
তিনি আরও বলেন,
“আমরা এর আগেও চরম প্রতিকূল পরিস্থিতিতে সফলভাবে সমাবেশ করেছি। সেই অভিজ্ঞতা আমাদের আছে। আজ বাংলাদেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। দীর্ঘ ১৭ বছর তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন।”
মিজানুর রহমান মিনু বলেন,
“শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এই সমাবেশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এটি হবে সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশ, যা পুরো মহানগরজুড়ে জনসমুদ্রে রূপ নেবে।”

