প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি নয়, দেশে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এখন দেশটাতে একটু শান্তি দরকার। আমরা নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশের শান্তি ফিরিয়ে আনবো।”
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন,
“মানুষের জন্য রাজনীতি করতে এসে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করে দিয়েছি। কারো উপকার করে এক কাপ চা পর্যন্ত পান করিনি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন,
“তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষ হচ্ছে। মানুষ তার মধ্যে নতুন নেতৃত্ব ও আশার আলো দেখছে। তিনি মানুষের জন্য ভালো কিছু করার কথা বলছেন।”
মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
গত ১৫ বছর ভোটাধিকার হরণ করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন,
“ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন ভোট নিয়ে গেছে। আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা ভোট দিতে চাই।”
তিনি বলেন,
“হিন্দু-মুসলিমসহ সব ধর্মের ভাই-বোনেরা নির্ভয়ে ভোট দিতে যাবেন। এই ভোটের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

