অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনই তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন,
‘জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল।’
ড. ইউনূস বলেন, বর্তমানে ডিজিটাল খাতই মূল খাত। কারণ এই খাত থেকেই পরিবর্তনের সূচনা হবে এবং অন্যান্য সব খাত এতে প্রভাবিত হবে।
নাগরিক সেবার ডিজিটালাইজেশন প্রসঙ্গে তিনি বলেন,
‘ডিজিটালাইজেশন কাগজে-কলমে হয়েছে, বাস্তবে নয়। সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে ছেড়ে দেবে। জনগণ নিজেদের মতো করে সেটি ব্যবহার করবে—এটাই তথ্যপ্রযুক্তির শক্তি।’
পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট সংযোগের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন,
‘পাহাড়ের তিন জেলায় থাকা প্রায় আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টি স্কুলে ইন্টারনেট সংযোগ ছিল। যে স্কুলে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করতে পারে।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন,
‘কোনো সরকারি কর্মকর্তা পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত নয়। এতে মাইন্ডসেট স্থির হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুন করে শুরু করা উচিত। সময় বদলায়, কিন্তু মানুষ পুরোনো চিন্তা নিয়েই বসে থাকে।’
জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন,
‘বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে—এতে দেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগোতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই, আমাদের সেই সক্ষমতা আছে।’

