Tuesday, November 10

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি যতবার ক্ষমতায় গেছে, ততবার সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাকারা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ শাসনামলে দেশের মানুষ বাকস্বাধীনতা ভোগ করতে পারেনি এবং নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে।
“আজ আপনারা সেই অধিকার ফিরে পেয়েছেন। এখন আমরা সবাই এই দেশের রাজত্বের রাজা। জনগণই দেশের প্রকৃত মালিক,” বলেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন,
“এই দেশের মালিকানা জনগণের হাতে ফেরত আনতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

বিএনপির এই নেতা আরও বলেন,
“এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যৎ।”

তিনি বলেন, এবারের নির্বাচন একটি বড় পরীক্ষা।
“স্বাধীন ও মুক্ত পরিবেশে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রের প্রকৃত স্বাদ গ্রহণ করবেন। সে কারণেই এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন,” বলেন সালাহউদ্দিন আহমদ।

ভবিষ্যৎ সংসদ নিয়ে তিনি বলেন,
“ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেখানে মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র সুসংহত করা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে বেশি আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন হবে।”

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন,
“বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবে, যেন আমাদের সনাতন ভাইবোনেরা নিরাপদে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটি শুধু ভোটের দিনের জন্য নয়—আজীবনের জন্য বিএনপি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।”

পথসভায় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামাদলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্যসচিব মাওলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ছাবুসহ আরও নেতৃবৃন্দ।

Leave A Reply


Math Captcha
41 + = 50