নিজস্ব প্রতিবেদক:
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “চব্বিশে গণতন্ত্রের মুক্তি কারও দানে নয়—এটি আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত। সেই রক্তের দায় থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে নানাভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার আশঙ্কা থেকেই যায়, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য বড় হুমকি।
সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “শুধু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়—প্রত্যেক ধর্ম এবং প্রতিটি ধর্মের মানুষকে আলাদাভাবে সুরক্ষা দিতে হবে সংবিধানের মাধ্যমে। জুলাই সনদ তৈরি করা হয়েছে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য।”
বিদ্যমান সংবিধান বহাল থাকলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদ কায়েম হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি অভিযোগ করেন, গণভোট নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

