Tuesday, November 10

স্টাফ রিপোর্টার | ঢাকা
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন ও অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম পৃথক দুটি মামলায় মোট ৬৪ জন আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্রে উল্লেখিত আসামিদের মধ্যে ৪১ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, রাষ্ট্রপক্ষের হয়ে প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত উভয় মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এ দুই মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় মালবাহী ট্রাকচালক মো. হোসেন ও অটোরিকশা চালক সবুজ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবার পৃথক দুটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এছাড়া প্লট দুর্নীতির পাঁচটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্র জানায়, জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া আরও কয়েক ডজন হত্যা ও দমন-পীড়নের মামলায়ও শেখ হাসিনার নাম আসামির তালিকায় রয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগপত্র গ্রহণ ও গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে এসব মামলার বিচারিক প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে পরবর্তী ধাপে প্রবেশ করল। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
85 + = 93