Tuesday, November 10

ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ মন্তব্যকে ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, শামীম আহসানের বক্তব্য নারী শিক্ষার্থীদের চরমভাবে অপমান করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে। এর আগে ওই জামায়াত নেতা মন্তব্য করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় বেশ্যাখানা ও মাদকের আড্ডা ছিল।”

বিক্ষোভে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বক্তব্যের মাধ্যমে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ‘বেশ্যা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একজন নারী শিক্ষার্থী বলেন, নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা হলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা প্রশ্নবিদ্ধ। একই সঙ্গে তিনি ডাকসুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, ডাকসুর অনেক নেতাকর্মী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে না থেকে রাজনৈতিক প্রচারে ব্যস্ত। তিনি বলেন, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, বাস্তবে তা পূরণ হচ্ছে না।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জামায়াত নেতা শামীম আহসানের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এর আগে বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকাও দাহ করেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শামীম আহসানের বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ ও অর্বাচীন’ বলে আখ্যায়িত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম ও ঐতিহ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

ঘটনাটি ঘিরে ক্যাম্পাস ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave A Reply


Math Captcha
7 + 2 =